
Mother and daughter brutally tortured in Kalapara by neighbours on Saturday 8 August 2026.
পটুয়াখালী: তুচ্ছ ঘটনা নিয়ে প্রতিবেশীদের নির্মম নির্যাতনে গুরুতর আহত হয়েছেন মা হাওয়া বেগম ও তার মেয়ে এসএসসি পরীক্ষার্থী ফারজানা বেগম। হামলায় চম্পাপুর এম ইউ মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থী ফারজানার বাম হাতের কনিষ্ঠ আঙ্গুল ভেঙ্গে গেছে।
পটুয়াখালীর কলাপাড়া উপজেলার চম্পাপুর ইউনিয়নের মাছুয়াখালী গ্রামে শনিবার সকালে এ হামলার ঘটনা ঘটে। ঘটনার পর পর আহতদের উদ্ধার করে কলাপাড়া হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হয়েছে।
আহত মা, মেয়ে সূত্রে জানা যায়, ১১ বছরের স্কুল ছাত্র রবিউল কে মন্দ বলার কারন জানতে চাওয়ায় প্রতিবেশী জামাল হাওলাদার, সোহেল হাওলাদার, নেছা বেগম, খাদিজা ও সুখী লাঠি নিয়ে তাদের উপর হামলা চালায়। হামলাকারীরা হাওয়া বেগমকে মাটিতে ফেলে সারা শরীর পিটিয়ে জখম করে। এসময় মায়ের আর্তনাদ শুনে মেয়ে ফারজানা এগিয়ে এলে তার উপর হামলা করে তার বাম হাতের একটি আঙ্গুল ভেঙ্গে দেয়।
এ ঘটনায় হামলাকারী জামাল হাওলাদারের মুঠোফোন বন্ধ থাকায় তার বক্তব্য পাওয়া যায়নি।
কলাপাড়া থানার ওসি (তদন্ত) মো. ইলিয়াস বলেন, বিষয়টি জেনেছি। লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। - গোফরান পলাশ