News update
  • Dhaka’s air remains unhealthy Thursday morning     |     
  • Williams sisters’ US Open return boosts ESPN viewership     |     
  • FMs of 8 Arab, Islamic nations urge global curb on Israeli settlements     |     
  • 27 metro rail bearing pads critical, cracks found in 46 piers: Minister     |     
  • RMG exports grow 5.12% to $7.5bn in July-August     |     

উরুগুয়ের বিশ্বকাপ দলে নেই সুয়ারেজ

গ্রীণওয়াচ ডেস্ক ফুটবল 2026-06-01, 7:29pm

suyyaarej-bc3f5903e6f8d5b3233ad77d4bc559a81780320580.jpg




উরুগুয়ের ২৬ সদস্যের বিশ্বকাপ দল থেকে বাদ পড়েছেন তারকা ফরোয়ার্ড লুইস সুয়ারেজ। কোচ মার্সেলো বিয়েসলার এবারের বিশ্বকাপ দলে সুয়ারেজের ওপর আর আস্থা রাখতে পারেননি। সাবেক লিভারপুল ফরোয়ার্ড ডারউইন নুনেজের নেতৃত্বে উরুগুয়ে বিশ্বকাপে মাঠে নামতে যাচ্ছে।

২০২৪ সালে উরুগুয়ের হয়ে সর্বশেষ আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন সুয়ারেজ। জাতীয় দলের হয়ে রেকর্ড সর্বোচ্চ ৬৯ গোল করেছেন তিনি। এবারের মৌসুমে ইন্টার মিয়ামির হয়ে মেজর লিগ সকারে ১১ ম্যাচে করেছেন ৬ গোল। কিন্তু জাতীয় দলের কোচ বিয়েসলাকে সন্তুষ্ট করার জন্য এটা যথেষ্ট ছিল না।

এ পর্যন্ত জাতীয় দলের জার্সিতে সুয়ারেজ ১৪৩ ম্যাচ খেলেছেন। সর্বোচ্চ ১৬১ ম্যাচ খেলে সুয়ারেজের থেকে এই তালিকায় একমাত্র খেলোয়াড় হিসেবে এগিয়ে আছেন দিয়েগো গোডিন।

বিয়েসলার বিশ্বকাপ দলে আছেন ৩৯ বছর বয়সী গোলরক্ষক ফার্নান্দে মুসলেরা, যার ১৩৪টি আন্তর্জাতিক ম্যাচ খেলার অভিজ্ঞতা রয়েছে। অ্যাথলেটিকো মাদ্রিদের সেন্টার ব্যাক হোসে মারিয়া জিমিনেজের সামনে শততম ম্যাচ খেলার সুযোগ রয়েছে। তবে বাছাইপর্বে দুর্দান্ত পারফর্ম করা বৈচিত্র্যময় মিডফিল্ডার নাহিতান নানডেজের বাদ পড়া সকলকে বিস্মিত করেছে। রিয়াল মাদ্রিদ মিডফিল্ডার ফেডেরিকো ভালভার্দে ইনজুরি কাটিয়ে সুস্থ হয়ে উঠেছেন।

গ্রুপ পর্বে উরুগুয়ের প্রতিপক্ষ স্পেন, কেপ ভার্দে ও সৌদি আরব।

উরুগুয়ের বিশ্বকাপ স্কোয়াড

গোলরক্ষক : সার্জিও রোশে, ফার্নান্দো মুসলেরা, সান্টিয়াগো মেলে

ডিফেন্ডার : গুইলারমো ভারেলা, রোনাল্ড আরউজো, হোসে মারিয়া জিমিনেজ, সান্টিয়াগো বুয়েনো, সেবাস্টিয়ান ক্যাসেরেস, মাথিয়াস অলিভেরা, জোয়াকুইন পিকুয়েরেজ, মাটিয়াস ভিনা।

মিডফিল্ডার : ম্যানুয়েল উগার্তে, এমিলিয়ানো মার্টিনেজ, রডরিগো বেনটানকার, ফেডেরিকো ভালভার্দে, অগাস্টিন কোনোবিও, হুয়ান ম্যানুয়ের সানাব্রিয়া, গিওগিয়ান ডি আরাসকায়েটা, নিকোলাস ডি লা ক্রুজ, রডরিগো জালাজার, ফাকুন্ডো পেলিস্ট্রি, ম্যাক্সিমিলিয়ানো আরাউজো, ব্রায়ান রডরিগুয়েজ।

ফরোয়ার্ড : রডরিগো অগারে, ফেডেরিকো ভিনাস, ডারউইন নুনেজ।