News update
  • Dhaka’s air remains unhealthy Thursday morning     |     
  • Williams sisters’ US Open return boosts ESPN viewership     |     
  • FMs of 8 Arab, Islamic nations urge global curb on Israeli settlements     |     
  • 27 metro rail bearing pads critical, cracks found in 46 piers: Minister     |     
  • RMG exports grow 5.12% to $7.5bn in July-August     |     

এবার নরসিংদীতে ‘ইত্যাদি’, প্রচার ৫ জুন

গ্রীণওয়াচ ডেস্ক শিল্প-কারুশিল্প 2026-06-01, 7:25pm

img_6483-10bfb8a8ee3f24329d03bc2841e6a2f41780320343.jpg




দেশের ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতির নানা অনালোচিত দিক দর্শকের সামনে তুলে ধরতে দীর্ঘদিন ধরেই স্টুডিওর গণ্ডি পেরিয়ে দেশের বিভিন্ন প্রান্তে পর্ব ধারণ করে আসছে জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’। সেই ধারাবাহিকতায় এবারের আয়োজন অনুষ্ঠিত হয়েছে প্রাচীন জনপদ নরসিংদীতে। আগামী ৫ জুন শুক্রবার রাত ৮টার বাংলা সংবাদের পর বাংলাদেশ টেলিভিশনে প্রচারিত হবে এই পর্ব।

নরসিংদীর রায়পুরা উপজেলার রামনগরে অবস্থিত বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান গ্রন্থাগার ও স্মৃতি জাদুঘরের সামনে নির্মিত হয় এবারের দৃষ্টিনন্দন মঞ্চ। অনুষ্ঠান ধারণকে ঘিরে গোটা জেলাজুড়ে ছিল উৎসবমুখর পরিবেশ। দুপুর গড়াতেই দর্শকরা ভিড় জমাতে শুরু করেন অনুষ্ঠানস্থলে। জেলা প্রশাসনের মাধ্যমে বিতরণ করা বিশেষ আমন্ত্রণপত্র নিয়ে নির্ধারিত সময়ের অনেক আগেই দর্শকে পূর্ণ হয়ে যায় পুরো প্রাঙ্গণ।

অনুষ্ঠানস্থলের ধারণক্ষমতার তুলনায় কয়েকগুণ বেশি দর্শক উপস্থিত হওয়ায় সৃষ্টি হয় ব্যতিক্রমী দৃশ্য। স্থান না পেয়ে অনেকে আশপাশের ভবনের ছাদ, দেয়াল, রাস্তার পাশে এমনকি গাছের ডালেও অবস্থান নেন। গুঁড়ি গুঁড়ি বৃষ্টি ও ভ্যাপসা গরম উপেক্ষা করে ঘণ্টার পর ঘণ্টা তারা উপভোগ করেন প্রিয় অনুষ্ঠানের ধারণ। দর্শকদের করতালি ও উচ্ছ্বাসে বারবার মুখর হয়ে ওঠে পুরো এলাকা।

এবারের ‘ইত্যাদি’তে থাকছে দুটি বিশেষ গান। এর মধ্যে একটি ফোক-ফিউশনধর্মী গান গেয়েছেন নরসিংদীরই কৃতী সন্তান ইমন চৌধুরী ও তাঁর দল ‘বেঙ্গল সিম্ফনি’। জুয়েল আহমেদ ও কবির বকুলের কথায় গানটির সুর ও সংগীতায়োজন করেছেন ইমন চৌধুরী নিজেই।

অনুষ্ঠানের শুরুতেই থাকছে নরসিংদীর ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতিকে ঘিরে একটি বর্ণাঢ্য নৃত্যগীত। মনিরুজ্জামান পলাশের কথায় গানটির সুর করেছেন হানিফ সংকেত। সংগীতায়োজন করেছেন মেহেদী। স্থানীয় নৃত্যশিল্পীদের অংশগ্রহণে পরিবেশনাটি কোরিওগ্রাফি করেছেন এস কে জাহিদ। গানটিতে কণ্ঠ দিয়েছেন তানজিনা রুমা ও রাজিব।

দর্শকপর্বেও ছিল নরসিংদীকেন্দ্রিক বিশেষ আয়োজন। জেলার ইতিহাস ও ঐতিহ্য নিয়ে কুইজের মাধ্যমে চারজন দর্শককে নির্বাচন করা হয়। পরে তারা নরসিংদীর বিখ্যাত ঐতিহ্যবাহী পণ্যকে কেন্দ্র করে নির্মিত একটি মজার নাট্যাংশে অংশ নেন।

অনুষ্ঠানে বরাবরের মতোই স্থান পেয়েছে তথ্যনির্ভর ও শিক্ষামূলক প্রতিবেদন। এবারের পর্বে তুলে ধরা হবে বাংলাদেশের গুরুত্বপূর্ণ প্রত্নস্থল উয়ারী-বটেশ্বর, নরসিংদীর ইতিহাস-ঐতিহ্য এবং জেলার গুরুত্বপূর্ণ স্থাপনা। এছাড়া থাকছে ঐতিহ্যবাহী তাঁতশিল্প, ‘প্রাচ্যের ম্যানচেস্টার’খ্যাত বাবুরহাট, জিআই পণ্য অমৃতসাগর কলা, লটকন ও কলম্বো লেবুকে ঘিরে বিশেষ প্রতিবেদন।

এছাড়া নরসিংদীর কয়েকজন স্মরণীয় ও কীর্তিমান ব্যক্তিত্বের জীবন ও অবদান নিয়েও থাকবে তথ্যসমৃদ্ধ আয়োজন।

মানবিক প্রতিবেদন হিসেবে এবারের পর্বে স্থান পেয়েছেন খুলনার বটিয়াঘাটার দৃষ্টিহীন প্রবীণ চিত্ত রঞ্জন মহালদার। নিজের সীমাবদ্ধতাকে অতিক্রম করে যিনি অদম্য ইচ্ছাশক্তির মাধ্যমে এগিয়ে চলেছেন জীবনের পথে।

বিদেশি প্রতিবেদনে দর্শকদের নিয়ে যাওয়া হবে অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়া অঙ্গরাজ্যের রাজধানী মেলবোর্নে। সেখানে দেখানো হবে ফিলিপ আইল্যান্ডের বিখ্যাত ‘দ্য পেঙ্গুইন প্যারেড’।

বিনোদনের অংশ হিসেবে থাকছে কাশেম টিভির সাংবাদিকের সঙ্গে নাতির মজার আড্ডা। পাশাপাশি চিঠিপত্র পর্বের পাশাপাশি সামাজিক অসংগতি ও সমসাময়িক নানা বিষয় নিয়ে নির্মিত একাধিক ব্যঙ্গাত্মক নাট্যাংশও থাকবে অনুষ্ঠানে। ভাঙতি সংকট, ফাঁকা আওয়াজ, বড় ভাই-ছোট ভাই সম্পর্ক, দুর্নীতি, চাকরিপ্রীতি, জনসচেতনতা ও সামাজিক আচরণসহ নানা বিষয় উঠে আসবে এসব পরিবেশনায়।

বরাবরের মতো এবারের পর্বও রচনা, উপস্থাপনা ও পরিচালনা করেছেন হানিফ সংকেত। অনুষ্ঠানটি নির্মাণ করেছে ফাগুন অডিও ভিশন। স্পন্সর করেছে কেয়া কসমেটিকস লিমিটেড।