News update
  • Pricing pollution: Does it work?     |     
  • 13 years of Rana Plaza tragedy: Workers want justice, pay tribute     |     
  • Minister Mahbub visits July Uprising injured on treatment in Thailand     |     
  • Iran FM Araghchi heads to Islamabad for US talks resumption     |     
  • Coast Guard seizes illegal fuel, adulterated edible oil in Bhola     |     

এনসিপিতে যোগ দিলেন ইসহাক সরকার, মহিউদ্দিন রনি ও কাফি

গ্রীণওয়াচ ডেস্ক রাজনীতি 2026-04-25, 6:40am

f10ecefbab7060ef385b8ff9a4d3d9617a5ba748597c554a-d36de8fb86a6e0db94967e8b62111ed31777077643.jpg




জাতীয় নাগরিক পার্টিতে (এনসিপি) যোগ দিয়েছেন যুবদলের সাবেক নেতা ইসহাক সরকার, সামাজিক আন্দোলনকর্মী মহিউদ্দিন রনি, কন্টেন্ট ক্রিয়েটর নুরুজ্জামান কাফি এবং শেরেবাংলা এ কে ফজলুল হকের নাতনি ফেরসামিন হক ইকবাল ফ্লোরা। আজ শুক্রবার (২৪ এপ্রিল) বিকেলে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে এনসিপিতে যোগ দেন তারা।

এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, দলের মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া, মুখ্য সমন্বয়ক নাসীরুউদ্দীন পাটওয়ারী, মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলমসহ শীর্ষ নেতারা ফুল দিয়ে নতুন সদস্যদের বরণ করে নেন।

ইসহাক সরকার দীর্ঘদিন বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন এবং ছাত্রদল ও যুবদলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন। আওয়ামী লীগ সরকারের সময় বিএনপির আন্দোলন-সংগ্রামে সক্রিয় ভূমিকার কারণে তিনি বেশকিছু মামলার আসামি হন।

পরবর্তীতে বিভিন্ন মামলায় আদালত থেকে খালাস পান ইসহাক সরকার। সর্বশেষ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৭ আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশী ছিলেন তিনি। মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেওয়ার পর দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে তাকে বিএনপি থেকে বহিষ্কার করা হয়।

একই অনুষ্ঠানে এনসিপিতে যোগ দেন মহিউদ্দিন রনি, যিনি রেল খাতে অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে আন্দোলনের মাধ্যমে ব্যাপক পরিচিতি অর্জন করেন। সামাজিক আন্দোলন ও প্রতিবাদী ভূমিকার কারণে তিনি তরুণদের মাঝে আলাদা পরিচিতি পেয়েছেন। অন্যদিকে, নুরুজ্জামান কাফি সামাজিক যোগাযোগমাধ্যমে সচেতনতামূলক ভিডিও কনটেন্টের মাধ্যমে জনপ্রিয়তা অর্জন করেন।

এ ছাড়া শেরেবাংলা এ কে ফজলুল হকের নাতনি ফেরসামিন হক ইকবাল যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া থেকে অনলাইনে অনুষ্ঠানে যুক্ত হন।

এনসিপির নেতারা মনে করেন, বিভিন্ন পেশা ও সামাজিক আন্দোলনের সঙ্গে সম্পৃক্ত এই নতুন সদস্যরা যুক্ত হওয়ায় দলটির সাংগঠনিক ভিত্তি আরও বিস্তৃত ও শক্তিশালী হবে।