
গান গেয়ে বিদেশের মাটিতে দর্শক মাতাতে যাচ্ছেন জনপ্রিয় সংগীতশিল্পী তাহসান খান। সুদূর অস্ট্রেলিয়ার ৫টি শহরে গানের কনসার্টে অংশ নিতে চলেছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজেই এ সুখবর দিয়েছেন তিনি।
শুক্রবার (২৯ আগস্ট) নিজের ভেরিফাইড ফেসবুকে একটি ফটোকার্ড শেয়ার করেন তাহসান। ক্যাপশনে লেখেন, অস্ট্রেলিয়া, শেষবার একবার। এরপর জুড়ে দেন অস্ট্রেলিয়া সফরের বিস্তারিত শিডিউল ও টিকিট বুকিংয়ের লিংক।
তাহসানের দেয়া তথ্য থেকে জানা যায়, সেপ্টেম্বরের পুরো মাসই অস্ট্রেলিয়া মাতাতে কনসার্ট করবেন তাহসান। অস্ট্রেলিয়ার অ্যাডিলেডে ৬ সেপ্টেম্বর থেকে শুরু হবে কনসার্টের শো।
এরপর একে একে ৭ সেপ্টেম্বর ব্রিসবেনে, ১৩ সেপ্টেম্বর সিডনিতে, ২০ সেপ্টেম্বর মেলবোর্নে এবং ২৭ সেপ্টেম্বর পার্থ-এ কনসার্ট করবেন সংগীতশিল্পী।
১৯৯৮ সালে ‘ব্ল্যাক’ ব্যান্ডের মাধ্যমে সংগীত জগতে পা রাখেন তাহসান। এরপর তিনি একক শিল্পী হিসেবে এবং পরবর্তীতে ‘তাহসান অ্যান্ড দ্য সুফিজ’ ব্যান্ডের সঙ্গে কাজ করেন।
বর্তমানে ‘তাহসান অ্যান্ড দ্য ব্যান্ড’-এর সঙ্গে যুক্ত হয়ে দেশ-বিদেশের বিভিন্ন কনসার্টে নিয়মিত পারফর্ম করছেন তাহসান।