
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় পাতে আস্ত খাসি না থাকায় বিয়ে না করে চলে গিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনায় আসা জাপানপ্রবাসী বর জুনায়েদ মিয়া এবার বিয়ে করেছেন আগের কনের পাশের গ্রামে। এবারের বিয়েতে অবশ্য বরের পাতে আস্ত খাসির কোনো ঘাটতি ছিল না। বিয়েতে খদ্দরে (বরের বিশেষ খাবার) খাসি পরিবেশনের কয়েকটি ছবিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।
মঙ্গলবার (১৮ আগস্ট) রাতে আখাউড়া উপজেলার ধরখার ইউনিয়নের রুটি গ্রামের জাহের মিয়ার মেয়ে জান্নারত আক্তারের সঙ্গে ছয় লাখ টাকা দেনমোহরে বিয়ে করেন জুনায়েদ। বিয়ের পর বিষয়টি নিশ্চিত করে নিজের অনাগত ভবিষ্যতের জন্য সবার কাছে দোয়া চেয়েছেন তিনি।
জুনায়েদ কসবা উপজেলার নিয়ামতপুর গ্রামের আব্দুল জলিলের ছেলে। তিনি জাপানপ্রবাসী। বিয়ের বিষয়টি এনটিভি অনলাইনকে নিশ্চিত করেছেন জাপানপ্রবাসী জুনায়েদ মিয়া।
এর আগে সোমবার (১৭ আগস্ট) বিকেলে আখাউড়া উপজেলার ধরখার ইউনিয়নের তোলাতালা গ্রামে বিয়ের অনুষ্ঠানে গিয়ে খদরে (বরের বিশেষ খাবার) খাসি না থাকায় বিয়ে না করেই ফিরে যান জুনায়েদ। ওই ঘটনার পর বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দেয়।
কনেপক্ষের দেওয়া তথ্য অনুযায়ী, বিয়ের আনুষ্ঠানিকতা উপলক্ষে জুনায়েদ কনের বাড়িতে পৌঁছালে ফুল দিয়ে তাকে বরণ করা হয়। এ সময় ফুল নিয়ে অসন্তোষ প্রকাশ করে উপস্থিত লোকজনের সামনে বিরূপ মন্তব্য করেন বলে অভিযোগ ওঠে। পরে ফুল ও গেটের আনুষ্ঠানিকতা শেষে বরকে নির্ধারিত স্থানে নিয়ে যাওয়া হয়।
একপর্যায়ে আত্মীয়-স্বজনদের খাওয়া-দাওয়া শেষে বিয়ের আনুষ্ঠানিকতার অংশ হিসেবে বরপক্ষের জন্য খদ্দরের (বরের বিশেষ খাবার) খাবার পরিবেশন করা হয়। কিন্তু খদ্দরে খাসি না থাকায় আপত্তি জানান জুনায়েদ। খাসি ছাড়া তিনি খাবেন না এবং খাসি না দিলে বিয়ের আনুষ্ঠানিকতাও করবেন না বলে জানান।
এ সময় কনেপক্ষের আত্মীয়-স্বজনসহ উপস্থিত অনেকেই তাকে বোঝানোর চেষ্টা করেন। তবে নিজের সিদ্ধান্তে অনড় থাকেন তিনি। শেষ পর্যন্ত বিয়ে না করেই একা কনের বাড়ি থেকে ফিরে যান জুনায়েদ।
ঘটনার পর কনের বাবা শফিক মিয়া বলেছিলেন, আমাকে আগে জানানো হলে খদ্দরে খাসির ব্যবস্থা করতাম। এ বিষয়ে আমাকে আগে কিছুই বলা হয়নি। এরপরও আত্মীয়-স্বজনসহ সবাই ছেলেকে বোঝানোর চেষ্টা করেছি। কিন্তু তিনি কোনোভাবেই রাজি হননি।
স্থানীয় ইউপি সদস্য আশিক মিয়া বলেছিলেন, ঘটনাটি দুঃখজনক। কোনো বাবা-মাই চান না মেয়ের বিয়েতে এমন ঘটনা ঘটুক। তবে ছেলেটির কথাবার্তা কিছুটা অস্বাভাবিক মনে হয়েছে। খাসির বিষয়টি আসার পর তাকে অনেকভাবে বোঝানোর চেষ্টা করা হলেও তিনি খাসি ছাড়া বিয়ে করতে রাজি হননি।
এর একদিন পরই আলোচিত জুনায়েদের নতুন বিয়ের খবর সামনে এলো। শুধু তাই নয়, নতুন বিয়েতে খদরে খাসি পরিবেশনের ছবিও প্রকাশ্যে এসেছে। ফলে আগের ‘খাসি-কাণ্ডের’ পর এবার খাসি দিয়েই বিয়ে সম্পন্ন হওয়ায় বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন করে আলোচনা শুরু হয়েছে।